সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জাতিসংঘ প্রস্তাবের নেপথ্যে ওবামা, প্রমাণ হাজির করবে ইসরায়েল!

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
জাতিসংঘ প্রস্তাবের নেপথ্যে ওবামা, প্রমাণ হাজির করবে ইসরায়েল!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনবিরোধী প্রস্তাব পাসের নেপথ্যে ওয়াশিংটনের ভূমিকাকে দায়ী করেছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই প্রস্তাব পাস করাতে কলকাঠি নেড়েছেন।  ইসরায়েল দাবি করছে, তাদের কাছে এর ‘প্রমাণ’ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবর অনুযায়ী, শুক্রবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরা হয়। ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধের ওই প্রস্তাবে বলা হয়, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে, তার কোনও আইনি ভিত্তি নাই।’ বাকি ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে তা পাস হয়। ভোট দান থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র, যেখানে অতীতে তারা ইসরায়েলবিরোধী প্রস্তাবগুলোতে ভেটো দিতো। যুক্তরাষ্ট্রের এই ভূমিকার নেপথ্যে, এবং ইসরায়েলবিরোধী ওই প্রস্তাব পাসে ওবামা প্রশাসন কলকাঠি নেড়েছে, এমন স্পষ্ট প্রমাণ হাজির থাকার কথা বলছে ইসরায়েল।  ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডেভিড কেয়িস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রন ডারমার দুজনই অস্পষ্ট সূত্র থেকে প্রমাণ তুলে ধরার কথা বলেছেন।

 

২০১৬ সালের মার্চ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ডেভিড কেয়িস। রবিবার ফক্স নিউজকে তিনি বলেন, অন্যদের মতো আরব সূত্রগুলো ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাবের ব্যাপারে ওবামার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। নেতানিয়াহু’র মুখপাত্র ডেভিড কেয়িস বলেন, ‘আরব দুনিয়া এবং আন্তর্জাতিক পর্যায়; উভয় দিক থেকেই আমরা অকাট্য তথ্য পেয়েছি যে, এটা ছিল যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত আক্রমণ। প্রকৃতপক্ষে তারা এই প্রস্তাব তৈরিতে সহায়তা করেছিল।’

নেতানিয়াহু-ওবামা

ডেভিড কেয়িস-এর এমন দাবির কয়েক ঘণ্টা আগেই একই রকমের দাবি করেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ডারমার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’কে রন ডারমার বলেন, ‘নতুন প্রশাসনের (ডোনাল্ড ট্রাম্প প্রশাসন) কাছে আমরা যথাযথ মাধ্যমে এ প্রমাণ তুলে ধরবো। তারা যদি যুক্তরাষ্ট্রের জনগণকে এটি জানাতে চায়; তাকে আমরা স্বাগত জানাবো।’ রন ডারমার দাবি করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাটভুটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায়নি; শুধু এটাই নয়। তারা জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে দলবাজির নেপথ্যে ছিল।’

 

গতবছর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ওয়াশিংটন। ইরানের পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার সময়ে এমন অভিযোগ উঠেছিল। ওই সময়ে ওয়াল স্ট্রিট জার্নালকে একজন মার্কিন কর্মকর্তা বলেছিলেন, ‘একটা বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরের সঙ্গে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত। আরেকটি বিষয় হচ্ছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোপন নথি চুরি করছে এবং এটি ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দিয়ে মার্কিন কূটনীতির ভিত দুর্বল করে দেওয়ার চেষ্টা করে।’

 

ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ডারমার যেভাবে ট্রাম্পের হাতে তথ্যপ্রমাণ তুলে দেওয়ার কথা বলেছেন সেটা ওয়াল স্ট্রিট জার্নালের ওই উদ্ধৃতির সত্যতাকেই নির্দেশ করে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, ইসরায়েল-ঘনিষ্ঠ আসন্ন প্রেসিডেন্সিয়াল টিমের কাছে প্রকাশ্যে একজন বিদ্যমান প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘প্রমাণ’ হাজির করার হুঁশিয়ারি নজিরবিহীন বলেই প্রতীয়মান হয়। এটা দৃশ্যত একটা উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে যেসব দাবি তোলা হচ্ছে কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেন বারাক ওবামা’র উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডিস। তিনি বলেন, ‘আমরা এই প্রস্তাবের খসড়া তৈরি করিনি। আমরা এই প্রস্তাব উপস্থাপন করিনি। এটা যখন ভোটাভুটির জন্য আসলো তখনই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বসতি স্থাপনের বিরোধিতা এবং এটা নিয়ে উদ্বেগের কারণ হচ্ছে, এই অঞ্চলের জন্য এটা আরও খারাপ হতে পারে। এখানে ভেটো দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য সুবিবেচকের কাজ হতো না।’

 

পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করেন ফিলিস্তিনিরা। ইতোপূর্বে ওয়াশিংটন এটা স্বীকার করে নিয়েছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ভবিষ্যৎ শান্তি আলোচনার মাধ্যমেই জেরুজালেম শহরের স্ট্যাটাস নির্ধারিত হবে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য কয়েক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের অবস্থানের  বিপরীত প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিবের বদলে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন