সিল্কসিটিনিউজ ডেস্ক: জোর চলছে সাবওয়ে স্টেশন তৈরির কাজ। দক্ষিণ-পশ্চিম চীনের এক সাবওয়ে মেট্রো স্টেশন ভূগর্ভে ৯৪ মিটার পর্যন্ত প্রসারিত হতে চলেছে। কাজটি সম্পূর্ণ হলে এটি হবে চীনের গভীরতম ভূগর্ভস্থ সাবওয়ে স্টেশন।
হংতুদি (Hongtudi) মেট্রো স্টেশনটি চোংকিং (Chongqing) পৌরসভার অন্তর্গত। বছর খানেক আগে এই মেট্রো স্টেশনটি চালু হয়। তখন এটি ভূগর্ভে ৬০ মিটার প্রসারিত ছিল। লিফটে করে স্টেশন থেকে উপরে আসতে মাত্র তিন মিনিট সময় লাগে।
গত কয়েক বছরে এই শহরের যান চলাচল কয়েক গুণ বেড়ে গিয়েছে। রাস্তায় বেরিয়ে ট্রাফিক সমস্যায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। পাহাড়ি এই শহরের রাস্তা তৈরি করা অত সহজও নয়। তাই শহরের মেট্রো স্টেশনটিকে গভীরে প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে এই মেট্রো স্টেশনটির গভীরতা ৯৪ মিটার অবধি প্রসারিত করা হচ্ছে যা ৩১ তলা একটি বাড়ির উচ্চতার সমান। লিফটের সংখ্যা ৩২ থেকে ৯১ তে বাড়ানো হচ্ছে।










