সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

চারঘাটে পল্লিচিকিৎসকে গলাকেটে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২২২ মিনিট পড়া
চারঘাটে পল্লিচিকিৎসকে গলাকেটে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

চারঘাট প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে এক পল্লিচিকিৎসককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের কলাবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার ঘটনায় শনিবার (২৩ এপ্রিল) সকালে নিহতের ছেলে ফাইম হোসেন মিলন বাদি চারঘাট থঅনায় একটি হত্যামামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন, উপজেলার ফতেপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ লিটন (৪০) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (৩০)। রাতেই এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এই দুই ব্যক্তিকে আটক করে। নিহত পল্লীচিকিৎসকের নাম আব্দুল মান্নান (৭০)। তিনি শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের মৃত আব্দুল করিম মণ্ডলের ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, আবদুল মান্নান শুক্রবার বিকেলে ইফতারসামগ্রী সঙ্গে নিয়ে পাট খেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও পাট খেতে থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন পাটখেতের পাশের কলাবাগানে আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে। পরিদর্শক আবদুল লতিফ বলেন, শনিবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলাচোর কলা চুরি করতে এসেছিল। কলাবাগানের মধ্যে আবদুল মান্নান তাদের চিনে ফেলায় হাসুয়া বা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। আমরা হত্যাকান্ডের ক্লু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এএইচ/এস