সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুমিল্লার মেঘনা উপজেলায় ঘুষ লেনদেনসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে এক সাংবাদিক ও তার সহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্তরা বলেন, ‘ঘুষসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করা হলে তোদের হত্যা করা হবে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মেঘনা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক ইদ্রিস মিয়ার সহকারী মো. সামছুল ইসলাম সবুজ (৩২) নামের একজনকে আসামি করে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিজয় টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনা সাব-রেজিস্ট্রি অফিসে প্রায় ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের খবর জানতে পারেন তিনি। পরবর্তীতে মঙ্গলবার ওই তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাব-রেজিস্ট্রারের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন।
এ সময় অফিস প্রাঙ্গণে অভিযুক্ত সামছুল ইসলাম সবুজ প্রথমে তাদের পথরোধ করে গালাগাল করেন।
পরে অফিস থেকে বের হওয়ার সময় সবুজ ও তার সঙ্গে থাকা ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাংবাদিকদের ঘিরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ঘুষ নিয়ে সংবাদ প্রকাশ করা হলে তাদের হত্যার হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য সাংবাদিকরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি।
আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









