জাতীয়

খুলনা বিভাগে ৩ মাসে ৩৫৯ হাম রোগী শনাক্ত, মৃত্যু ৪

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খুলনা বিভাগের ১০ জেলায় হাম রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, গত পহেলা জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৩৫৯ জন রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের দেওয়া দৈনন্দিন তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ৩৫৯ জনের মধ্যে পুরাতন রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও নতুন রোগীও ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছে।

যা সংক্রমণ চলমান থাকার ইঙ্গিত দেয়।
জেলার ভিত্তিতে কুষ্টিয়া সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলায় মোট ১০৯ জন রোগীর মধ্যে ৮৮ জন পুরাতন এবং ২১ জন নতুন রোগী। একইভাবে যশোর জেলায় মোট ৭৩ জনের মধ্যে ৫৭ জন পুরাতন ও ১৬ জন নতুন রোগী পাওয়া গেছে।

 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় মোট ৬২ জন রোগীর মধ্যে ৫৭ জন পুরাতন এবং ৫ জন নতুন। মাগুরায় মোট ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরাতন ও ৭ জন নতুন রোগী রয়েছে। নড়াইল জেলায় ২১ জনের মধ্যে ১৭ জন পুরাতন এবং ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাগেরহাটে নতুন রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

এখানে মোট ১৯ জনের মধ্যে ৫ জন পুরাতন এবং ১৪ জন নতুন রোগী পাওয়া গেছে। যা সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। সাতক্ষীরায় মোট ১৫ জনের মধ্যে ১০ জন পুরাতন ও ৫ জন নতুন রোগী রয়েছে।
অন্যদিকে, চুয়াডাঙ্গায় ৮ জন রোগীর মধ্যে পুরাতন ও নতুন উভয়ই ৪ জন করে। মেহেরপুরে ৮ জনই পুরাতন রোগী, নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

ঝিনাইদহে মোট ৫ জনের মধ্যে ১ জন পুরাতন ও ৪ জন নতুন রোগী রয়েছে, যা নতুন সংক্রমণের উপস্থিতি নির্দেশ করে। খুলনা জেলায় ৪ জন রোগীর সবাই পুরাতন, নতুন কোনো রোগী নেই।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবর রহমান বলেন, এই তথ্য জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সংগ্রহ করা হয়েছে। যেটি সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হিসাব করা হয়েছে। আক্রান্তের দিক দিয়ে কুষ্টিয়া, যশোর ও বাগেরহাট এগিয়ে রয়েছে।