সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রতীক তালিকায় শাপলা কেন অন্তর্ভুক্ত করা হলো না, এর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নির্বাচন কমিশন প্রতীক তালিকায় শাপলা কলিসহ তিনটি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের পর শাপলা যুক্ত না করে শাপলা কলি যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির এই নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদ সাইফুল্লাহ বলেন, “নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন আইন বা বিধির কারণে তারা ‘শাপলা’ প্রতীকটিকে তালিকাভুক্ত করতে পারছেন না।

এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ‘শাপলা কলি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।”
তিনি আরো বলেন, “কেন ‘শাপলা’ প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না, এর উত্তর কমিশনকে দিতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না।”
যদি জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে ‘শাপলা’ তালিকাভুক্ত না করে, তবে একই যুক্তি ‘ধানের শীষ’, ‘তারকা’ বা ‘পাটপাতা’ সব উপাদানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণকে নিজেদের দায়িত্ব না মনে করেন, তাহলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়? প্রশ্ন খালেদ সাইফুল্লাহর।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না। আমাদের প্রতীক নির্ধারিত হবে আমাদের দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। আইন সবার জন্য সমান হতে হবে।
আইন যদি বেছে বেছে প্রয়োগ করা হয়, তাহলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়।’
এদিকে ‘শাপলা কলি’ প্রতীক পেলে এনসিপি সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছে দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় কালের কণ্ঠকে তিনি এ কথা জানান।
জহিরুল ইসলাম মুসা আজ বিকেলে কালের কণ্ঠকে বলেন, “আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই।
শাপলা কলি প্রতিকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।”










