সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান ওরফে হুব্বা (৫০) নামের এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । এ সময় ঘটনাস্থল থেকে ৮০০টি ইয়াবা বড়ি, একটি বিদেশি পিস্তল, দুইটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাবিবুর কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার সিরাজ মালিথার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় হাবিবুর রহমান নামে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাবিবুরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলছেন, ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত।










