সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা এবং তার ছেলেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ আবদুল্লাহ।
পুলিশ জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১ নম্বর আসামি ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯ নম্বর আসামি। গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদের গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পেট্রলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর









