জাতীয়

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুমিল্লার লাকসাম উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব কিছু ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ গ্রামে আবুল খায়েরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে হঠাৎ আবুল খায়েরের বসতঘরে আগুন জ্বলে ওঠে। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে ঘরের ভেতরের সব কিছু পুড়ে যায়।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।