সিল্কসিটিনিউজ ডেস্ক :
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে টিনের চাল চাপাপড়ে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়ের সময় দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন তিনি। সেই সময় কালবৈশাখী ঝড়ে তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালের নিচ থেকে উদ্ধার করা হয়।

মৃত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামের গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন।
মৃতের ছেলে শাহিন জানান, তিনি আট থেকে ১০ বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং বানানোর কাজ করতেন। দেড় বছর আগে বাবা সিরাজুল ইসলামও তার সঙ্গে এসে কাজে যোগ দেন। তিনি সিলিং তৈরির দোকানেই রাতযাপন করতেন। সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি ঘরের সিলিং ধসে ঘুমিয়ে থাকা সিরাজুল ইসলাম চাপা পড়েন। স্থানীয়রা সকালে ওই ঘরের চালের নিচ থেকে চাপাপড়া মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, লোক মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছার আগেই স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।









