সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কারবালায় শিল্প পর্যায়ের সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করছে ইরাক

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
কারবালায় শিল্প পর্যায়ের সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করছে ইরাক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরাক তার প্রথম শিল্প পর্যায়ের সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করতে যাচ্ছে, যা দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলার প্রচেষ্টায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

কারবালার বিশাল মরু অঞ্চলে রবিবার উদ্বোধন হতে যাওয়া এই কেন্দ্রটি সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কারবালার রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-হুর এলাকায় প্রায় চার হাজার দুনাম (৪০০ হেক্টর) জায়গাজুড়ে বিশাল সারিতে সাজানো হয়েছে হাজার হাজার কালো সোলার প্যানেল।

প্রধানমন্ত্রীর দপ্তরের জাতীয় সৌর প্রকল্প দলের প্রধান নাসের করিম আল-সুদানি জানান, বাবিল প্রদেশে আরো একটি ২২৫ মেগাওয়াট ক্ষমতার প্রকল্প নির্মাণাধীন এবং দক্ষিণের বসরা প্রদেশে শিগগিরই এক হাজার মেগাওয়াট ক্ষমতার আরেকটি প্রকল্পের কাজ শুরু হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আদেল করিম জানান, ইরাকে বর্তমানে প্রায় ১২ হাজার ৫০০ মেগাওয়াট ক্ষমতার সৌর প্রকল্প বাস্তবায়ন, অনুমোদন বা আলোচনা পর্যায়ে রয়েছে। এগুলো সম্পন্ন হলে কুর্দিস্তান অঞ্চল বাদে জাতীয় বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ পর্যন্ত জোগান দিতে পারে।

তেলের বিশাল মজুদ থাকা সত্ত্বেও ইরাক বহু দশক ধরে যুদ্ধ, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ সংকটে ভুগছে।

এ বছর গ্রীষ্মে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে বিদ্যুৎ চাহিদা ৫৫ হাজার মেগাওয়াটে পৌঁছয়, অথচ দেশটি উৎপাদন করছে মাত্র ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে প্রায় আট হাজার মেগাওয়াটই আসে ইরান থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে।
মার্কিন একতরফা নিষেধাজ্ঞা ও ইরানের নিজস্ব জ্বালানি সংকটের কারণে ইরাকের এই গুরুত্বপূর্ণ সরবরাহ বারবার ব্যাহত হয়েছে। মার্চে ওয়াশিংটন ইরান থেকে সরাসরি বিদ্যুৎ কেনার ছাড় প্রত্যাহার করে নেয়, যদিও প্রাকৃতিক গ্যাস কেনার ছাড় এখনো কার্যকর রয়েছে।

এই সৌর প্রকল্পগুলো সম্পন্ন হলে ইরাকের বিদ্যুৎ সংকট লাঘবের পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবও কমাবে বলে আশা করা হচ্ছে।