
শতবর্ষ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খুবই গৌরবের ও মর্যাদার। আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে উপনীত হয়েছে। শুধু উপমহাদেশ নয়, সারা বিশ্বেই এর একটি স্বতন্ত্র অবস্থান ও পরিচিতি আছে। এই বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই।
আমরা এর প্রতিষ্ঠার ইতিহাস ও গতিপথ, এই রাষ্ট্রে ও ভূখণ্ডে এর অবদান ইত্যাদির দিকে নজর দিলেই বিষয়টি প্রতিভাত হবে। ‘নাইনটিন টোয়েন্টি অ্যাক্ট’ অনুযায়ী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে।

এ আইনের পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। সেটি হচ্ছে, ‘Splendid Imperial Compensation’ হিসাবে এ প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। ইতিহাসের একজন ছাত্র হিসাবে এভাবে দৃশ্যমান, অসাধারণ ও রাজকীয় পৃষ্ঠপোষকতা ও সহায়তায় একটি দীর্ঘকালব্যাপী সামাজিক-রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এ ধরনের একটি বিশাল প্রতিষ্ঠান পৃথিবীর অন্য কোথাও গড়ে তোলার দৃষ্টান্ত মনে পড়ছে না। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনের এ ইতিহাস নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অভিধা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এক পাবলিক বক্তৃতায় বলেছেন এর প্রথম উপাচার্য স্যার পিজে হার্টগ। তিনি বলছেন, এ বিশ্ববিদ্যালয়টির উৎস হলো রাজনৈতিক (Political Origin)। এটিও গুরুত্বপূর্ণ দিক।
অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস রাজনৈতিক। এর উৎস রাজনৈতিক- এর মানে হচ্ছে, বিশাল রাজনৈতিক পরিক্রমা ও ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির জন্ম। সুতরাং এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিতে স্বতন্ত্র ও গুরুত্ববহ একটি অভিধা। পৃথিবীর কোথাও এমন তাৎপর্যমণ্ডিত কোনো বিশ্ববিদ্যালয় আছে বলে আমার জানা নেই।
জুলাই ২০১৯-এ ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজে’র কাউন্সিল সদস্য নির্বাচিত হয়ে আমি যেদিন নির্বাহী কমিটির প্রথম সভায় যোগদান করি, সেদিন আমি এ কথাটি বলেছিলাম যে, বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ণয়ে আন্তর্জাতিক সম্প্রদায় র্যাংকিং ঘোষণা করে থাকে। এজন্য বিভিন্নভাবে মূল্যায়ন ও বিবেচনা করা হয়।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিতে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠার ইতিহাস, তার ঐতিহাসিক পটভূমি ও বর্ণাঢ্য গতিপথ আছে; বিশেষ করে একটি জাতিরাষ্ট্র সৃষ্টিতে এর যে ভূমিকা, তা কিন্তু স্বতন্ত্র ও অনুপম। সভার সভাপতি ছিলেন কিংস কলেজের প্রেসিডেন্ট।
তিনি আমার এ কথার সঙ্গে সহমত পোষণ করেন। শতবর্ষী বা এর চেয়েও বেশি বয়সি বিশ্ববিদ্যালয় ইউরোপ ও আমেরিকায় অনেক আছে। দক্ষিণ এশিয়ায়ও আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং স্বতন্ত্র অবস্থানের যে পরিচিতি, সেটি নিঃসন্দেহে বিশ্বে তাকে আলাদা করে পরিচিত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়ার এ সময়টি আরও গুরুত্বপূর্ণ এ কারণে যে, একই সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। একই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
ফলে এই যে তিনটির যুগসন্ধিক্ষণ, তার ভেতর একটি শক্তিশালী অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উত্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এসবের আবর্তন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, বিশেষ করে ঢাকার অংশ, শাহাদতবরণের পূর্বদিন পর্যন্ত, পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আবর্তিত। ১৫ আগস্ট (১৯৭৫) বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। ছাত্রনেতা, যুবনেতা, আওয়ামী লীগ নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতার সব অভিধা, পরিচিতি, কার্য ও কর্মবলয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে। বঙ্গবন্ধুর নিজের শিক্ষাগ্রহণ, পরিবারের সদস্যদের শিক্ষাগ্রহণও এখানে। জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
সবচেয়ে ছোট সন্তান শেখ রাসেলকেও তিনি এ ক্যাম্পাসে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়িয়েছেন। সরকারপ্রধান হলেও বঙ্গবন্ধু প্রয়োজনে চলে আসতেন এ বিশ্ববিদ্যালয়ে। একটা মুদ্রার তিন পিঠ থাকে না, দুই পিঠ থাকে। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ- যেভাবেই বিন্যাস করা হোক না কেন, প্রত্যেকটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সে কারণে আইন হিসাবে যখন তিনি ‘১৯৭৩ আদেশ’ দিলেন, তখন তিনি এ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তার স্বীকৃতি দিলেন।
ইতিহাস সাক্ষ্য দেয়, আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়টির জন্ম হয়েছিল বঙ্গভঙ্গ (১৯০৫) ও বঙ্গভঙ্গ রদ (১৯১১) উদ্ভূত রাজনৈতিক ঘটনার পটভূমিতে ‘Splendid Imperial Compensation’ হিসাবে।
বিশ্ববিদ্যালয়টি খুব বেশি রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে এটা বলা কঠিন। তবে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মর্যাদা ও ব্যবস্থাপনার উন্নয়নে বিশ্ববিদ্যালয় আইন ‘১৯৭৩ আদেশ’সহ যে বিরল সুযোগ-সুবিধা তার alma mater-কে প্রদান করেছেন তা নিঃসন্দেহ ‘Unparallel Monumental Royal Reward’। এর প্রায় পাঁচ দশক পর ২০২০-২০২১-এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাতৃসম বিশ্ববিদ্যালয়ের প্রতি যে আবেগ, দরদ, মমত্ববোধ ও শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
শিক্ষার্থীদের আবাসিক হল সংস্কার ও সম্প্রসারণ, একাডেমিক ও আবাসিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে তার অবারিত অবদান ও সুতীক্ষ্ণ নজরদারি মাইলফলক হিসাবে বিবেচিত। সম্প্রতি যুগোপযোগী, আধুনিক ও পরিবেশবান্ধব ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণে তার বিশেষ সানুগ্রহ নির্দেশনা ও পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ‘Magnificent Majestic Endowment’ হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি মনে করি, এসব অনবদ্য অবদানের একটি স্মারক-স্বীকৃতি (Memorial Tribute) থাকা সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য খুবই জরুরি।
আটচল্লিশ থেকে একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের পটভূমিতে বায়ান্ন একটি মাইলফলক। বায়ান্ন-পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটি যৌক্তিক পরিণতিতে নেওয়ার প্রতিটির পেছনেই বঙ্গবন্ধু শেখ মুজিব আছেন। বঙ্গবন্ধুকে ছয় দফা, সত্তরের সাধারণ নির্বাচন আর মহান মুক্তিযুদ্ধে সীমিত রাখি। কিন্তু ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত এ সময়টিতেও তার মৌলিক অবদান দেদীপ্যমান।
এ সময়টিতে তিনি ঘটনার প্রধান শক্তিশালী নিয়ামক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মহান ভাষা আন্দোলনে অসাম্প্রদায়িকতা এবং বাঙালি জাতীয়তাবাদ চেতনার বিকাশ ঘটানো ও এসবকে উপজীব্য করে পরবর্তী ঘটনাগুলো সামনে এগিয়ে নেওয়ার পাথেয়।
ঘটনাপ্রবাহ ত্বরান্বিত করা, সে বিষয়গুলোকে বিস্ফোরণ ঘটানো, চিন্তার উদ্রেক ঘটানো, দর্শন ও ধারণার বিকাশ ঘটানো- এসব বিষয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ঘটেছে। বঙ্গবন্ধু যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের আমরাও শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা যারা আজকে সম্পৃক্ত- সেটা ছাত্র, শিক্ষক ও অভিভাবক যেই হোক না কেন- কিংবা বিভিন্নভাবে যারা ইতঃপূর্বে জড়িত ছিলেন, তাদের প্রত্যেকের জন্য এটি গৌরব ও মর্যাদার বিষয়।
বিগত ১০০ বছরের চলার পথে এ প্রতিষ্ঠান প্রমাণ করেছে, বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের বিকাশ ও চর্চার জায়গা এ বিশ্ববিদ্যালয়। জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং তার বাস্তবায়নের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে এ বিশ্ববিদ্যালয়ের যে কোনো গৌরবের ও সৌরভের অংশীদার এ দেশের প্রত্যেক মানুষ। মর্যাদা আর অর্জনে সবার ন্যায্য দাবি আছে।
আমরা এখানকার ছাত্র ছিলাম। তাদের মধ্যে কেউ এখন শিক্ষক হিসাবে আছি। বিভিন্ন প্রশাসনিক কাজে সম্পৃক্ত হওয়ার বিরাট সুযোগও লাভ করেছি কেউ কেউ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এ শতবর্ষের প্রাক্কালে যারা এখন সরাসরি সম্পৃক্ত আছি, আমরা বিশেষ সৌভাগ্যবান; সেটি শুধু উপাচার্য হিসাবে নয়, বিশ্ববিদ্যালয়ের সব সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী সবাই গৌরবান্বিত, আনন্দিত।
শতবর্ষ উদ্যাপনে আমাদের সেসব মানুষকে স্মরণ করতে হবে, আমাদের পূর্বপুরুষ, যারা অবদান রেখেছেন, সেই শুরু থেকে- এই মানুষগুলোর অবদানের ফলেই আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের সীমা-পরিসীমা নেই। তাদের প্রয়াস, ত্যাগ, কর্মোদ্যোগ ও বুদ্ধিমত্তার ফলেই আজকের ১০০ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে এ বিশ্ববিদ্যালয় একটা মহীরুহ। এখানে অনেক সম্ভাবনা ও সুবিধা বেড়েছে।
যার কারণে আজকের আমরা অনেক সুবিধাপ্রাপ্ত। অনেক কিছু পাচ্ছি, আমাদের পূর্বপুরুষরা নিজের আদর্শিক ও দৃষ্টান্তস্থানীয় শিক্ষাজীবন ও কর্মের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। সে কারণে এখন যারা এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত আছি- ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবক- সবাই আমরা সমভাবে অনুপ্রাণিত, মর্যাদার অংশীদার।
শতবর্ষের আলোচনায় অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন সম্পর্কে জানতে চান। আমি মনে করি, গোটা বাংলাদেশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন। আগেই বলেছি, এটা একটি স্বতন্ত্র মূল্যবোধ ধারণ ও লালনকারী প্রতিষ্ঠান। এখানে মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের লালন-পালন ও বিকাশ ঘটানো হয়।
এগুলো হলো একটি জাতির উন্নয়নের পেছনে কতগুলো শক্তিশালী নিয়ামক। বিকাশের এ ধারাটিকে বলা যায় ‘ইনট্যানজিবল হেরিটেজ’। মূল্যবোধগুলো জাতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি বিনির্মাণে ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, অর্থনীতি, রাজনীতির বিকাশে এ বিশ্ববিদ্যালয়ের একক ভূমিকা আছে। এখন অনেক স্টেকহোল্ডার তৈরি হয়েছে হয়তো বা; কিন্তু জাতির প্রতিটি অর্জন ও উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের একক ও অপ্রতিদ্বন্দ্বী ভূমিকা অনস্বীকার্য। এসব অর্জন কোনো কিছু দিয়ে পরিমাপযোগ্য নয়।
তবে এটা ঠিক, একটি বিশ্ববিদ্যালয়কে এর মৌলিক গবেষণাকর্ম দিয়ে মূল্যায়ন করা হয়। আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি। একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে এটি একটি; যা ঢাকা বিশ্ববিদ্যালয় পূরণ করে যাচ্ছে; কিন্তু এখন এর পাশাপাশি প্রয়োজন মৌলিক গবেষণা ও উদ্ভাবন। সে জন্য বেশকিছু কর্মোদ্যোগের প্রয়োজন। বিশ্বমানের গবেষণার অন্যতম পূর্বশর্ত সমৃদ্ধ গবেষণাগার আর গবেষকের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও বৃত্তি।
প্রয়োজন সমৃদ্ধ গবেষণাগার, যেখানে থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি। আরও দরকার দেশি-বিদেশি গবেষকদের যৌথভাবে কাজ করার উপযুক্ত কর্মপরিবেশ। সার্বক্ষণিক ও শুধু গবেষণায় নিয়োজিত থাকবেন এমন গবেষক দলকে পরিপোষণ দেওয়া। এমন একটা পরিবেশ ও ব্যবস্থা প্রবর্তন হওয়া দরকার যেখানে শিল্পাঙ্গন (ইন্ডাস্ট্রি) থেকে চাহিদা আসবে বিশ্ববিদ্যালয়ে। এরপর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা করবেন। উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পের সম্পর্ক এমনই নিবিড়।
এটাকে বলে ‘ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’। অর্থাৎ ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়কে অর্থায়ন করবে গবেষণা ও উদ্ভাবনের জন্য, তারপর বিশ্ববিদ্যালয় তা আবিষ্কার ও উদ্ভাবন করে ইন্ডাস্ট্রিতে পাঠাবে দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে। এ প্রক্রিয়ায় প্রায়োগিক ও মৌলিক চিন্তার বিকাশ ঘটবে।
এটাই হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যবস্থা, যা উন্নত বিশ্বে চর্চা হয়ে আসছে। কিন্তু আমাদের দেশে এ সংস্কৃতিটা এখনো গড়ে ওঠেনি। আমরা যদি এখন এই দিকে অগ্রসর না হই, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এগোনো তো দূরের কথা, পিছালেও বিস্মিত হওয়ার থাকবে না। মনে রাখতে হবে, শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ এবং শিক্ষার গুণগত মান পারস্পরিক গভীরভাবে সম্পর্কিত।
এখানে বলে রাখা প্রয়োজন, শতবর্ষ উপলক্ষে সরকার এ বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষ গবেষণা তহবিল বরাদ্দ দিয়েছে। সে অর্থে আমরা বিশেষ গবেষণা পরিচালনার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ২৫২টি গবেষণা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রায় ৫৫টি নতুন মৌলিক গ্রন্থ প্রকাশিত হবে, বিভাগ ও ইনস্টিটিউটগুলো প্রকাশ করবে। বেশকিছু জার্নালকে আন্তর্জাতিক মানে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে গবেষণাধর্মী প্রকাশনা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
পরবর্তী ১০০ বছরে উপনীত হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অনুঘটক হিসাবে ভূমিকা রাখবে গবেষণা ও মৌলিক প্রকাশনাগুলো। এ উদ্যোগের সঙ্গেই আমরা ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া’ সম্পৃক্ত করার পদক্ষেপ নিয়েছি।
২০৩০-এর মধ্যে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নানা উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার ধারণা। চতুর্থ শিল্পবিপ্লবের এ সময়ে দেশের এগিয়ে যাওয়া, বৈশ্বিক প্রতিযোগিতায় জাতি হিসাবে আমাদের মর্যাদাকর অবস্থান নিশ্চিত করা আর সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে, বিশেষ করে ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে দেশকে নিয়ে যেতে যে প্রায়োগিক, বাস্তবধর্মী শিক্ষা ও গবেষণার প্রয়োজন সেটি নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে। এসব কর্মই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরবর্তী ১০০ বছরের জন্য প্রস্তুত করবে।
পরিশেষে বলব, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরবর্তী ১০০ বছরের উপযোগী হিসাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। দ্বিতীয় শতবর্ষ উদ্যাপনের জন্য এখন থেকেই কর্মপ্রয়াস গ্রহণ করতে হবে। শতবর্ষ উদ্যাপনের মূল প্রতিপাদ্য- ‘টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরি’, বাস্তবায়ন হলে আজকে যেভাবে আমরা পূর্বপুরুষদের স্মরণ করছি, ১০০ বছর পরের প্রজন্মও আমাদের একইভাবে স্মরণ করবে গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায়।
অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান : উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
সূত্রঃ যুগান্তর









