আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিশ্বকে সতর্ক করলেন তেল ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দুই বড় তেল উৎপাদনকারী দেশের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের ব্যয় শেষ পর্যন্ত পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলতে পারে।

সংঘাতের কারণে তেল পাইপলাইন, শোধনাগার, গ্যাস স্থাপনা এবং কয়েক ডজন তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব স্থাপনা মেরামত ও পুনর্নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হবে। ইতিমধ্যে নতুন বিনিয়োগ ও অবকাঠামো পুনর্গঠনের সম্ভাব্য ব্যয় কয়েক হাজার কোটি ডলারে পৌঁছেছে।
সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের এবং কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়াফ আল-সাবাহ সোমবার এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে এসব কথা বলেন।

তারা জানান, ভবিষ্যতে জ্বালানি সরবরাহে যাতে বড় ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য রপ্তানির বিকল্প পথ তৈরি এবং বিদেশে জ্বালানি সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শেখ নাওয়াফ বলেন, ইউরোপীয় দেশগুলো কুয়েতে উৎপাদিত ডিজেল ও জেট ফুয়েল আমদানি করতে চাইলে জ্বালানি সংরক্ষণের জন্য তাদেরও প্রয়োজনীয় অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। তার মতে, শুধু জ্বালানি উৎপাদন ও রপ্তানি বাড়ালেই হবে না, ভোক্তাদের কাছাকাছি পর্যাপ্ত সংরক্ষণ ও সরবরাহব্যবস্থাও গড়ে তুলতে হবে।

নাসের বলেন, ‘কোনো দেশেরই একা এই সংকট মোকাবেলা করা উচিত নয়। তেল ও গ্যাসের অবকাঠামো এমন কোনো খরচ নয়, যা কমিয়ে আনা বা এড়িয়ে যাওয়া যায়।

উৎপাদক ও ভোক্তা, উভয়ের জন্যই এটি একটি যৌথ প্রয়োজন।’
শেখ নাওয়াফ জানান, সংঘাতের আগে কুয়েত ইউরোপে পরিশোধিত তেলজাত পণ্যের অন্যতম প্রধান সরবরাহকারী ছিল। কিন্তু সংঘাতের পর ইউরোপে জ্বালানি সরবরাহে চাপ বেড়েছে এবং ডিজেলের ঘাটতিও তীব্র হয়েছে।

এ পরিস্থিতিতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ভোক্তাদের কাছাকাছি পরিশোধিত জ্বালানি মজুদের জন্য অবকাঠামো নির্মাণে বিনিয়োগ নিয়ে আলোচনা করছে কুয়েত।

তিনি বলেন, ‘আমরা ইউরোপে পরিশোধিত জ্বালানি সরবরাহ করতে চাই।

তবে তা মজুদ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং পরিবহনব্যবস্থায় ইউরোপীয় অংশীদারদেরও বিনিয়োগ করতে হবে।’ অন্যদিকে আমিন নাসের বলেন, সংঘাত শেষ হলেও কমে যাওয়া জ্বালানি মজুদ পুনরায় পূরণ করতে দীর্ঘ সময় লাগতে পারে।
তার হিসাবে, মজুদ পুনর্গঠনের জন্য দুই বছর পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত প্রায় ২০ লাখ ব্যারেল তেলের চাহিদা তৈরি হতে পারে। তিনি আরো বলেন, বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী ও নমনীয় করতে আগাম বিনিয়োগ জরুরি।

মঙ্গলবার এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে বিশ্বের শীর্ষ তেল কম্পানিগুলোর কর্মকর্তারাও জ্বালানি মজুতের সংকট নিয়ে সতর্ক করেছেন। বিশ্বের অন্যতম বড় পণ্য বাণিজ্যকারী প্রতিষ্ঠান ভিটোল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল হার্ডি বলেন, পশ্চিমা দেশগুলোর হাতে ব্যবহারের জন্য অতিরিক্ত জ্বালানি মজুদ প্রায় নেই।

শেভরন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক উইর্থ বলেন, কৌশলগত জ্বালানি মজুদ থেকে সাম্প্রতিক সময়ে তেল বাজারে ছাড়ার কারণে স্বল্পমেয়াদে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে সামগ্রিকভাবে জ্বালানি বাজার এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের জানান, বিশ্বজুড়ে ক্রেতাদের কাছে তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে কম্পানি রপ্তানি ব্যবস্থায় বৈচিত্র্য আনার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে পারস্য উপসাগর ও লোহিত সাগরের প্রচলিত রপ্তানি পথের ওপর নির্ভরতা কমিয়ে অপরিশোধিত তেল পরিবহনের বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিদেশে থাকা আরামকোর তেল সংরক্ষণাগারগুলোর ধারণক্ষমতা দুই থেকে তিন গুণ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সংকটের সময় সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হলে এই পাইপলাইন বিকল্প পথে তেল সরবরাহের সুযোগ দেয়।

নাসের বলেন, সংঘাত শুরু হওয়ার পর মাত্র ১৪ দিনের মধ্যেই পাইপলাইনটি ব্যবহারের মাধ্যমে এর নির্মাণ ব্যয় উঠে এসেছে।

তিনি বলেন, বর্তমান সংকট ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী ও নমনীয় করতে আগাম বিনিয়োগ এবং বিকল্প সরবরাহ পথ তৈরি করা জরুরি। নাসের আরো বলেন, ‘প্রতিটি দেশের সরবরাহ ব্যবস্থা আমাদের মতো হতে হবে না। তবে প্রতিটি ব্যবস্থাকেই আরও শক্তিশালী ও সংকট মোকাবেলায় সক্ষম হতে হবে।’