সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাভারের আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় একটি বাড়ি থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।
আটককৃত আব্দুস সামাদ (৭৩) নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে।

তিনি আশুলিয়ার বগাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার পরে ভুক্তভোগী শিশুসহ আরো ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভুক্তভোগী শিশুটি বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়।
এসময় শিশুর মা তার মেয়ের কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি ওই বাড়ির মালিক সমাধান করবেন বলে ভুক্তভোগী শিশুর পরিবারকে আশ্বাস দেন।
এরপরে গত সোমবার রাতে কে বা কারা বৃদ্ধকে ডেকে এনে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন।
পরে মিমাংসা না হওয়ায় আশপাশের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










