সিল্কসিটিনিউজ ডেস্ক:
‘দ্য রাইম অব দি অ্যানসিয়েন্ট ম্যারিনার’ কবিতার অ্যালবাট্রসের কথা জানেন নিশ্চয়, যেখানে পাখিটিকে মনে করা হত নাবিকদের জন্য শুভ। আর এক বৃদ্ধ নাবিক সেই পাখিটিকে হত্যা করে নিজের ও নাবিকদের ওপর দুর্দশা ডেকে আনে। এমনই এক অ্যালবাট্রস আছে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ অঞ্চলে যেটি কিনা প্রায় সাত দশক ধরে শুভ বার্তা বহন করে চলেছে।
লেসান প্রজাতির এই অ্যালবাট্রসটির নাম ‘উইজডম’। ভাবছেন বিশেষ কি আছে পাখিটির মধ্যে? অ্যালবাট্রসরা দীর্ঘজীবি হলেও সাধারণত ৫০ বছরের বেশি বাঁচে না। আর এই পাখিটির বয়স ৬৮ বছর। আরও বিস্ময়কর হল এই বয়সেও নিয়মিত ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে আসছে এটি। এই দীর্ঘিজীবন পাখিটিকে দিয়ে বিশ্বের সবচেয়ে বয়সী বন্য পাখির মর্যাদা। তার ওপর এ বয়সেও বংশবিস্তারের ব্যাপারটি তো আছেই। সেই উইজডম আবারও ডিম পেড়েছে। আর এবারের ডিমটি ফুটে বের হলে সেটি হবে পাখিটির ৩৭ তম সন্তান।

অ্যালবাট্রসরা বিশালাকৃতির হয়ে থাকে। প্রায় সাড়ে ছয় থেকে ১১ ফুট পর্যন্ত হয়ে থাকে এ পাখিগুলোর ডানার বিস্তার। দীর্ঘ ডানায় ভর করে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকতে পারে এগুলো। অ্যালবাট্রসরা মূলত সমুদ্রেই তাদের দিন কাটায়। শুধুমাত্র সঙ্গীর সাথে মিলনের সময় হলেই ডাঙ্গায় আসে তারা। মিলনের আগে বিশেষ ধরণের নৃত্য করে তারা। বছরে একটি করে ডিম পাড়ে এ পাখিগুলো। তারপর সঙ্গীর সাথে মিলে বড় করে বাচ্চাদের। তবে বাচ্চা পালন দীর্ঘ প্রক্রিয়া হওয়ায় সব অ্যালবাট্রসই প্রতিবছর ডিম পাড়ে না।
উইজডম তার ডিমটি পেড়েছে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে। শুধু উইজডমই নয়, মার্কিন অধিকারে থাকা দ্বীপটিতে প্রতিবছর আরও এক মিলিয়ন অ্যালবাট্রস ডিম পাড়ে। এটি একটি সংরক্ষিত দ্বীপ। শুরু থেকে এখানেই ডিম দিচ্ছে উইজডম। এখানেই ১৯৫৬ সালে পাখিটিকে প্রথম সনাক্ত করেছিলেন জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনস। তখন এর বয়স ছিল মাত্র পাঁচ বছর। সেই থেকে বিজ্ঞানীরা এর জীবনকাল পর্যবেক্ষণ করে আসছেন। ২০১৭ সালে রবিনস মারা গেলেও বহাল তবিয়তে এখনও আছে উইজডম।
পাখিটির আর একটি বিশেষ দিক হল ২০০৬ সাল থেকে একই সঙ্গীর সাথে আছে এটি। তার সঙ্গীর নাম দেয়া হয়েছে আকিয়াকামাই। সাধারণত সঙ্গী পরিবর্তন করতে অভ্যস্ত অ্যালবাট্রসদের জন্য এটি একটি বড় ব্যাপার। আর দেখেশুনে মনে হচ্ছে শিগগিরই আলাদা হওয়ার ইচ্ছে নেই তাদের। আর একটি সন্তান যে আসতে যাচ্ছে! প্রায় সাত মাস লাগবে তাদের পরবর্তী সন্তানকে বড় করতে। এই মুহুর্তে বাচ্চা বড় করার দিকেই থাকবে তাদের নজর। তবে বিজ্ঞানীরা বলছেন উইজডম এখনও দারুণ স্বাস্থ্যের অধিকারী। তাই তার বংশ বিস্তার হয়ত চলতেই থাকবে।
মজার ব্যাপার হল, মিডওয়ে দ্বীপটিতে আরও যে অ্যালবাট্রস আসে তাদের মধ্যে উইজডমের সন্তানদেরও খুঁজে পেয়েছেন পর্যবেক্ষকরা। গত বছর এ রকম একটি অ্যালবাট্রসকে উইজডমের বাসার মাত্র কয়েক ফুট দূরেই ডিম পাড়তে দেখেন তারা যেটি ছিল উইজডমেরই ২০০১ সালের সন্তান! সন্তান এবং সম্ভবত নাতি-পুতিদের নিয়ে এক সাথে ভালই জীবন পার করছে উইজডম।










