সিল্কসিটিনিউজ ডেস্ক:
অ্যান্টার্কটিকা সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের প্রথম কোনও শীর্ষ পর্যায়ের কূটনীতিক হিসেবে তিনি সেখানে এ সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে তার এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ।

অ্যান্টার্কটিকায় মাত্র কিছুদিন আগে বিশ্বের বৃহত্তম সুরক্ষিত জলজ প্রাণী সংরক্ষণাগার তৈরি করা হয়েছে।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির শেষ সফরগুরোর মধ্যে এটি হবে অন্যতম।
অ্যান্টার্কটিকা ছাড়াও সফরের অংশ হিসেবে আগামী ১০-১৮ নভেম্বর অ্যান্টার্কটিকা, নিউজিল্যান্ড, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও পেরু সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে তিনি মরক্কোয় কপ২২ জলবায়ু আলোচনা এবং পেরুতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দেবেন। ১০-১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ কূটনীতিক হিসেবে অ্যান্টার্কটিকা সফর করে তিনি ইতিহাস তৈরি করবেন। তিনি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গবেষণা কেন্দ্র ম্যাকমুরদো স্টেশন, রস দ্বীপের পার্শ্ববর্তী এলাকা ও সরকারের আমুন্দসেন-স্কট সাউথ পোল স্টেশন পরিদর্শন করবেন।
জন কেরি আগামী ১২-১৩ নভেম্বর নিউজিল্যান্ড ও ১৪ নভেম্বর ওমান সফর করবেন। পরদিন তিনি সিরিয়ার মত দেশগুলোতে আঞ্চলিক সংঘাত নিয়ে আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাত যাবেন। তিনি ১৫-১৬ নভেম্বর কপ২২ বৈঠকেও যোগ দেবেন। এরপর তিনি পেরু সফরে যাবেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










