আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোন ক্যামেরায় উঠে এলো নতুন তথ্য

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জনপ্রিয় সৈকতগুলোর অগভীর পানিতে ডজন ডজন অপ্রাপ্তবয়স্ক ‘স্ক্যালপড হ্যামারহেড’ হাঙরকে একসঙ্গে সাঁতার কাটতে দেখা গেছে। উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে হাঙরের সন্ধানে ড্রোন ওড়ানোর সময় এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেন গবেষকরা।

দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের বার্লি বিচে প্রায় ৮০টি পর্যন্ত হ্যামারহেড হাঙরের দল দেখা গেছে। অন্যদিকে, সানশাইন কোস্টের নুসা মেইন বিচে পাওয়া সবচেয়ে বড় দলটিতে আনুমানিক ১০০টির মতো হাঙর রেকর্ড করা হয়েছে। কুইন্সল্যান্ডের ‘শার্কস্মার্ট’ প্রোগ্রামের আওতায় পরিচালিত ড্রোন ফুটেজ ব্যবহার করে ‘ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট’ ও কুইন্সল্যান্ডের প্রাথমিক শিল্প বিভাগের গবেষক ম্যাডিসন ক্রসের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়।

গবেষক দলটি সেপ্টেম্বর ২০২০ থেকে ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে ৯টি সৈকতে পরিচালিত ২০,৯১১টি ড্রোন ফ্লাইটের তথ্য পর্যবেক্ষণ করেছে।

বিশ্লেষণ থেকে জানা যায়, মোট ৮৪টি আলাদা ঘটনায় হাঙরগুলোর উপস্থিতি রেকর্ড করা হয়, যা প্রায় ২,৬৯৬টি হাঙর দেখার সমান (এর মধ্যে কিছু হাঙর একাধিকবার ক্যামেরাবন্দি হয়ে থাকতে পারে)। আরো দেখা গেছে, বেশিরভাগ বড় সমাবেশগুলো ঘটেছে অস্ট্রেলিয়ার শরৎ ও শীতের শুরুতে, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। হাঙরগুলোর গড় দৈর্ঘ্য ছিল প্রায় ১.০৯ মিটার (৩.৬ ফুট)। এগুলোর বয়স আনুমানিক এক থেকে দুই বছরের মধ্যে।

উত্তর স্ট্র্যাডব্রোক দ্বীপের কাছে থাকা পূর্ণবয়স্ক বা বড় হাঙরগুলো সোজা পথ ধরে চলাচল করলেও, বার্লি ও নুসার অপ্রাপ্তবয়স্ক হাঙরগুলো একটি ছোট নির্দিষ্ট সীমানার ভেতরে ঘোরাফেরা করত।

বিশ্বব্যাপী মহাবিপন্ন বা চরম হুমকির মুখে থাকা এই প্রজাতির হাঙরগুলো কেন উপকূলের এত কাছে দল বাঁধে, তা এখনো শতভাগ স্পষ্ট নয়। তবে গবেষকদের ধারণা, উপকূলীয় এই অঞ্চলগুলো ছোট হাঙরদের খাদ্যসংস্থান ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাছাকাছি থাকা প্রবাল প্রাচীর ও পাথুরে এলাকা শিকারের জোগান দেয় এবং একসঙ্গে সাঁতার কাটার ফলে বড় শিকারি প্রাণীদের আক্রমণ এড়ানো সহজ হয়।

কুইন্সল্যান্ডের হাঙর-নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে দুর্ঘটনা এড়াতে বার্লি বিচে হাঙর-জাল এবং নুসা বিচে ড্রামলাইন ব্যবহার করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, ২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে এই কর্মসূচির আওতায় ৬৭৫টি স্ক্যালপড হ্যামারহেড ধরা পড়ে, যার মধ্যে ৬৬৫টিই মারা যায়। ড্রোন সমীক্ষায় দেখা গেছে যে, হাঙরগুলো মার্চ থেকে জুন পর্যন্ত বেশি দেখা যায়, কিন্তু মাছ ধরার জালে তারা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বেশি ধরা পড়ে। বিজ্ঞানীদের অনুমান, ছোট হাঙরগুলো বয়স বাড়ার সাথে সাথে সুরক্ষিত এলাকা ছেড়ে উন্মুক্ত সমুদ্রের দিকে আসার সময় এসব জালে আটকে পড়ে।
স্নরকেলার বা প্যাডেলবোর্ডাররা কাছে এলে হাঙরের দলগুলো সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই এই হাঙরদের বিরক্ত না করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। একইসাথে অ্যাকোস্টিক ট্যাগ ব্যবহার করে হাঙরগুলোর চলাচলের দীর্ঘমেয়াদী গতিপথ অনুসরণের জোর তাগিদ দেওয়া হয়েছে।