সিল্কসিটিনিউজ ডেস্ক :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে অসময়ে শুরু হওয়া ভাঙনে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি দেখতে নৌকায় ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে তিনি উপজেলার নিহালপুর থেকে তেওতা বাজার পর্যন্ত যমুনা নদীপথে ট্রলারে করে ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় নদীর পাড়ে শত শত নারী-পুরুষ হাত তুলে এমপির কাছে স্থায়ী বেড়িবাঁধের দাবি জানান।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আরিচা ১ নম্বর ফেরিঘাট থেকে তেওতা বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যমুনার পাড়ে ভাঙন দেখা দিয়েছে।
এতে নদীতীরবর্তী মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টি এলাকাবাসী মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরকে অবগত করলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় এমপি জিন্নাহ কবির ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলার মাধ্যমে আপাতত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কয়েকজন ভুক্তভোগী কালের কণ্ঠকে বলেন, ‘এমপি ট্রলারে করে ঘুরে সরেজমিনে তাদের দুর্দশা পরিদর্শন করেছেন।
’ তারা বলেন, ‘এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার এবং প্রায় তিন শ বছরের ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার কয়েকটি ইউনিয়নসহ শতাধিক গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে আরিচায় যাতায়াত করেন। নদীর পাড়ে ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো এলাকা যমুনার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির কালের কণ্ঠকে জানান, তিনি ইতিমধ্যে জাতীয় সংসদে তার নির্বাচনী এলাকা শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার নদী ভাঙনের বিষয়টি উত্থাপন করেছেন।
পদ্মা, যমুনা ও কালীগঙ্গা নদীবেষ্টিত এই অঞ্চলে প্রতি বছর বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন দেখা দেয় এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন।
তিনি আরো জানান, বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং পানিসম্পদ মন্ত্রীর কাছেও ডিও লেটার দিয়েছেন। আশা করা যাচ্ছে, দ্রুতই পদ্মা-যমুনা নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি চরাঞ্চলগুলোকে সরকারি-বেসরকারি উদ্যোগে আধুনিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। আমার এলাকার জনগণের দুর্দশা নিজ চোখে দেখতে আমি সরেজমিনে এসেছি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, বিএনপি নেতা বাবুল হোসেন বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ স্থানীয় ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









