সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিশ্বকাপের মঞ্চে চোখ ধাঁধানো পারফর্ম করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেওয়া কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। চিলিয়ান ফুটবলে পা রাখতে না রাখতেই তাকে কেন্দ্র করে তৈরি হলো এক অভূতপূর্ব নজির! জার্সিতে নিজের আসল নামের বদলে শুধু ডাকনাম ব্যবহারের জন্য বিশেষ অনুমোদন পেয়েছেন এই তারকা।
চিলির শীর্ষ ফুটবল লিগ আয়োজক সংস্থা ‘এএনএফপি’ সর্বসম্মতিক্রমে ভোজিনহাকে তার জনপ্রিয় ডাকনামটিই জার্সিতে ব্যবহার করার সবুজ সংকেত দেয়। আর এক গোলরক্ষকের আবদার মেটাতে গিয়ে নিজেদের বেশ কড়া আইনি নিয়মই বদলে ফেলতে হয়েছে লিগ কর্তৃপক্ষকে! কারণ চিলির বিদ্যমান আইন অনুযায়ী, এত দিন খেলোয়াড়দের জার্সিতে বাধ্যতামূলকভাবে শুধু তাদের পারিবারিক নাম (সারনেম) ব্যবহারের বাধ্যবাধকতা ছিল।

‘জসিমার হোসে এভোরা দিয়াস’—তার আসল নাম হলেও ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনহা’ নামেই সমাদৃত। এই তারকাকে চিলির ফুটবলে টানতে একাধিক শীর্ষ ক্লাবের নীতি নির্ধারকেরা একজোটে এসে লিগ কর্তৃপক্ষের কাছে এই বিশেষ অনুরোধ জানান।
জার্সিতে নাম ছাপানোর জটিলতার অবসান হলেও চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো-কোলোতে তার যোগ দেওয়া নিয়ে নাটকীয়তা কিন্তু কমছে না!
এক সপ্তাহ আগে কোলো-কোলোর মূল সাইনিং হিসেবে ভোজিনহার নাম ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী মঙ্গলবারই সান্টিয়াগোতে তার পৌঁছানোর কথা ছিল। তবে ভিসা জটিলতায় সেই সময় পিছিয়ে বৃহস্পতিবার করা হলেও শেষ মুহূর্তে ফ্লাইটে ওঠেননি এই কেপ ভার্দিয়ান তারকা!
তবে চুক্তি ভেঙে যাওয়ার খবরকে ভুল প্রমাণ করে কোলো-কোলোর ডিরেক্টর হাইমে পিসারো জানান, চুক্তি বাতিল হয়নি। মূলত ভোজিনহার এজেন্ট জরুরি কিছু ‘ব্যক্তিগত সমস্যা’ সমাধানের জন্য বাড়তি কিছুটা সময় চেয়েছেন।
অন্যদিকে এএনএফপির বৈঠকের ফাঁকে কোলো-কোলো সভাপতি আনিবাল মোসা স্বীকার করেন, অফিশিয়াল চুক্তিপত্রে এখনো তার সই করা বাকি। চিলিয়ান গণমাধ্যমের গুঞ্জন আছে, জার্সিতে নিজের পছন্দমতো ডাকনাম লেখার সুযোগ পাওয়ার বিষয়টিই ছিল ভোজিনহার অন্যতম বড় শর্ত!
পুরো ঘটনা বেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন কোলো-কোলোর প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ। তিনি জানান, গোলরক্ষকের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষ ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।










